ঠাকুরগাঁওয়ে আতিথেয়তা মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ের আতিথেয়তা ও উত্তরাঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্যে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঠাকুরগাঁও সফরকে নিজের জন্য দারুণ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, বাংলাদেশের এই অঞ্চলে এটিই তাঁর প্রথম সফর।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আক্চা ইউনিয়নে অবস্থিত ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর’ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তাঁর স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে জাদুঘরটি পরিদর্শন করেন। জাদুঘরের বিভিন্ন নিদর্শন ঘুরে দেখার পাশাপাশি এর কার্যক্রম সম্পর্কে জানেন তাঁরা। জাদুঘরটি দেখে মুগ্ধতা প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ঠাকুরগাঁওয়ে চমৎকার আতিথেয়তা উপভোগ করেছেন। বাংলাদেশের এই অঞ্চলে এটিই তাঁর প্রথম সফর এবং অভিজ্ঞতাটি সত্যিই দারুণ।
তিনি আরও বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলের সঙ্গীত ও নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করার সুযোগ হয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্য দেখা এবং দেশের নতুন নতুন অঞ্চল সম্পর্কে অভিজ্ঞতা লাভ করা তাঁর জন্য আনন্দের বিষয়।
এ সময় উপস্থিত ছিলেন লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের পরিচালক ও ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমীন প্রমুখ।
ভোরের আকাশ/সু.পা