সিদ্ধিরগঞ্জে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. রনি (৪১) নামে এক গাড়ীচালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে আল আমিন নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে নাসিক ১নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার ভোরে মিজমিজি তেরা মার্কেট এলাকায় মোঃ রনির সঙ্গে আল আমিন নামে এক ব্যক্তির কথা-কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হলে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে রনিকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়। নিহত মো. রনি নাসিক ১ নং ওয়ার্ডের মিজমিজি পাইনাদি এলাকার আলী হোসেনের ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন।
ঘটনার পরপরই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আল আমিনকে নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
অভিযুক্ত আল আমিন সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল আলীর ছেলে। নিহতের স্ত্রী জানান, আমার স্বামী পেশায় গাড়িচালক ছিলেন। সকালে হঠাৎ করে কে বা কার একটি ফোন আসে। ফোন পেয়ে সে ঘর থেকে বেড়িয়ে পরেন। পরবর্তীতে জানতে পারি আমার স্বামীকে মেরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রাখা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ছুরিকাঘাতে রনিকে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় জড়িত সন্দেহে আল আমিন নামে একজনকে আটক করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ৫'শ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/রই