ঠাকুরগাঁওয়ে কাজ শেষে ফেরার পথে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার ভূল্লী নদী পার হওয়ার সময় পানিতে ডুবে জুয়েল (৬০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার থানায় দেওয়া অপমৃত্যুর সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত জুয়েল উপজেলার ৫ নম্বর শুখানপুকুরী ইউনিয়নের পূর্ব শুখানপুকুরী (গোয়ালীপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি মৃত তেছার উদ্দিনের ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকালে জুয়েল প্রতিদিনের মতো গড়েয়া কামলা বাজারে কাজের উদ্দেশ্যে যান। পরে স্থানীয় এক গৃহস্থ তাঁকে আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে ধান রোপণের কাজে নিয়ে যান। দিনভর কাজ শেষে দুপুরে শ্রমিকেরা ভূল্লী নদী পার হয়ে ফিরছিলেন। এ সময় নদী পার হওয়ার একপর্যায়ে জুয়েল পানিতে তলিয়ে যান।
সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা তাঁকে দ্রুত উদ্ধার করে পাশের একটি বাড়িতে নিয়ে গেলে স্থানীয় লোকজন তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করেন।
নিহতের ছোট ভাই মকবুল হোসেন জানান, জুয়েল সাঁতার জানতেন না। নদী পার হওয়ার সময় পানিতে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে বলে সহকর্মীদের কাছ থেকে জানতে পেরেছেন। এ ঘটনায় তাঁদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় এবং মৃত্যুর ঘটনায় সন্দেহের কোনো তথ্য না পাওয়ায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/এনউব