খাগড়াছড়িতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, ১ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ভাটার চুল্লি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ সময় ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের নালকাটা এলাকায় অবস্থিত মেসার্স এম এস আর ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়। ভাটাটির স্বত্বাধিকারী মো. ইউনুস আলী।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তরের খাগড়াছড়ির সহকারী পরিচালক হাসান আহম্মদের প্রসিকিউশনে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিব।
অভিযানে অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৫(১) ও ১৫ ধারা অনুযায়ী ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
পরে পানছড়ি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভাটার আগুন পানি দিয়ে নিভিয়ে ফেলা হয়। এক্সকাভেটর দিয়ে ভাটার চুল্লির মুখ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, যাতে পুনরায় ইট পোড়ানোর কার্যক্রম চালানো না যায়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশের ক্ষতি ও আইন লঙ্ঘন করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে পার্বত্য এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/আ.র