বিরামপুরে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে ছোট যমুনা নদীতে ডুবে আরিফ হোসেন (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার শ্রীপুর উত্তরপাড়া গ্রামের পাশে ছোট যমুনা নদীর একটি শাখায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফ হোসেন পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী ডাঙ্গা গ্রামের আয়নাল আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উত্তরপাড়া এলাকার নদীর একটি স্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিতি পাওয়ায় সেখানে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসেন। বৃহস্পতিবার দুপুরে আরিফ সেখানে ঘুরতে এসে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে পানির স্রোতে ডুবে যায় সে।
খবর পেয়ে স্থানীয়রা ও বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে প্রায় চার ঘণ্টা পর বিকেল ৪ টার দিকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হামজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/রই