গাইবান্ধায়
ফাহমিদ রুমন হত্যার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থী ফাহমিদ রুমনকে পরিকল্পিতভাবে হত্যা এবং তার বড় ভাই রুহিদকে আহত করার ঘটনার প্রতিবাদে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন ) বেলা ১১টায় গাইবান্ধা সরকারি কলেজ থেকে নিহত রুমনের সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা রুমন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তারা নিহত রুমনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহত রুহিদের দ্রুত সুস্থতা কামনা করেন।
শিক্ষার্থীরা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
ভোরের আকাশ/ র.ই