জীবননগর সীমান্ত
ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ৮ বাংলাদেশি নারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৮ জন বাংলাদেশি নারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৬টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় ৫৮ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত পিলার ৬২/৫-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার নবদূর্গাপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ধানক্ষেত সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়। বেনীপুর বিওপির সুবেদার মো. ফিরোজের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, “আটক ৮ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা দায়ের করেছে। পরে তাদের আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।”
ভোরের আকাশ/রই