ফ্যাসিস্টদের বিচার না করতে পারায় তারা মাথাচাড়া দিয়ে উঠেছে : হাবিপ্রবি উপাচার্য

“আমরা দুই বছরেও ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে পারিনি। তাই তারা আজ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।
এজন্য আমরাই দায়ী।” এমন মন্তব্য করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্লাহ।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক চত্বরে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত র্যালি ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সমাবেশ দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শিক্ষাঙ্গনের সুস্থ পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্লাহ বলেন, অতীতের অপরাধের বিচার নিশ্চিত না হওয়ায় ফ্যাসিবাদী শক্তি আবারও সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে। এ ধরনের অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
কর্মসূচির অংশ হিসেবে র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন হাবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং ইউট্যাব হাবিপ্রবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হাসান।
এ ছাড়া বক্তব্য রাখেন ইউট্যাব হাবিপ্রবির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান, হাবিপ্রবি সাদা দলের পক্ষে অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর ও অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মহিদুল হাসান।
অফিসার্স ফোরামের পক্ষে বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার ড. মো. নূর ই আলম সরকার। জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের সভাপতি মো. ইমতিয়াজ ফারুক (পিন্টু) এবং জাতীয়তাবাদী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম লেবুও সমাবেশে বক্তব্য দেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল হাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা ও সভাপতি মো. এহসানুল কবির অর্নব।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, দেশের গণতান্ত্রিক চর্চা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে অতীতের অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ভোরের আকাশ/রই