জ্বরে অবহেলার খেসারত : ডেঙ্গুতে তরুণের প্রাণহানি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আব্দুস সোবাহানের ছেলে।
স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে শুরুতে তিনি হাসপাতালে না গিয়ে বাড়িতেই অবস্থান করেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে পরিবারের লোকজন তাঁকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।
হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় সিয়ামের নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন এবং দ্রুত একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়। তবে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলাকালেই রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
কান্নাজড়িত কণ্ঠে সিয়ামের বাবা আব্দুস সোবাহান বলেন, ‘আমার পোলাডার গত এক সপ্তাহ ধইরা জ্বর। আমি ওরে কইছি ডাক্তারের কাছে যাইয়া চিকিৎসা নে। কিন্তু অয় আমার কথা হুনে নাই। আইজকা অবস্থা বেশি খারাপ হইয়া গেলে হাসপাতালে লইয়া আইছি। হাসপাতালে আওনের পর ওর নাক-মুখ দিয়া রক্ত বার অইছে। ডাক্তার চিকিৎসা করছে। পরে ঢাকা হাসপাতালে নেওনের জন্য অ্যাম্বুলেন্স রেডি করছিলাম। কিন্তু যাওনের আগেই আমার পোলাডা আমাগো ছাইড়া চইলা গেছে।’
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোবারক হোসেন মামুন জানান, সিয়ামকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গুর উপসর্গ পাওয়ার পাশাপাশি তাঁর নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু তার আগেই তিনি মারা যান।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতার অভাব ডেঙ্গুর ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। কারও জ্বর হলে তা অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সময়মতো পরীক্ষা-নিরীক্ষা ও সঠিক চিকিৎসা গ্রহণ করলে ডেঙ্গুর ভয়াবহ পরিণতি এড়ানো সম্ভব।
ভোরের আকাশ/সু.পা