কক্সবাজারে বাস-ক্যাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত -৩

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন।
রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন। তিনি জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে কক্সবাজারগামী একটি ক্যাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে খাদে এবং ক্যাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। ঘটনাস্থলেই তিনজন বাসযাত্রী নিহত হন। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং এক শিশু রয়েছে। আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি নাছির উদ্দিন আরও জানান, দুর্ঘটনার পরপরই বাস ও ক্যাভার্ড ভ্যানের চালকরা পালিয়ে যান। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাড়ি দুটি উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়েছে বলে জানান ওসি নাসির।
ভোরের আকাশ/এসএইচ