মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল মানিকগঞ্জ জেলা শাখা। সোমবার (৯ নভেম্বর) রাত সেয়া আটটায় ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি ও অঙ্গ সংগঠন তাৎক্ষণিকভাবে এই কর্মসূচির আয়োজন করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি আব্বায়ক কমিটির অন্যতম সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের মিয়া, জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মুস্তাফিজুর রহমান প্রিন্স, যুবদল নেতা মোঃ রাশিদুল ইসলাম সুমন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমূখ।
বক্তারা, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা ককটেল বিস্ফোরণসহ ফাটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা কারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূল শাস্তি দাবি করেন।
বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ সহ নানা অপ তৎপরতায় লিপ্ত রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও তাদের দোসরা। দেশ বাঁচাতে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসনকে রাখতে হবে কঠোর নজরদারি।
এর আগে মানিকগঞ্জে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, গোলড়া স্ট্যান্ড, সাটুরিয়ার নয়াডিঙ্গী ও জেলা বিএনপি কার্যালয় এবং জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যা পৌনে সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত কয়েক দফায় এসব বিস্ফোরণের ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে সাতটার দিকে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে রাত পৌনে আটটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে আটটার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় দুটি এবং গোলড়া স্ট্যান্ডে একটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি এবং রাত নয়টার দিকে জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় এলাকাতেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে স্থানীয়দের ধারণা, আগামী ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে এসব বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর দলীয় প্যাডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আগামী ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
ভোরের আকাশ/সু.পা