গাইবান্ধায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।
গ্রেফতারকৃতরা হলেন, পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার বালুয়া গ্রামের সাকিব মন্ডল ওরফে ওহাব (২৮), গোবিন্দগঞ্জ উপজেলার ডুমুরগাছা গ্রামের মাহি সরকার (২১) ও পলাশবাড়ী উপজেলার হরিণাবাড়ী গ্রামের তুষার মিয়া (১৯)।
ডিবি পুলিশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সোমবার রাতে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার বালুয়া এলাকায় অভিযান চালায়। এ সময় শাকিব মণ্ডলের বাসভবনের শয়নকক্ষ থেকে তাকে ও আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তল্লাশির সময় শাকিব মণ্ডলের প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিব মণ্ডল বিক্রি ও সেবনের উদ্দেশ্যে ইয়াবা নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রাসঙ্গিক ধারায় পলাশবাড়ি থানায় শাকিব মণ্ডলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, ইয়াবা সেবনের অভিযোগে মাহি সরকার ও তুষার মিয়ার বিরুদ্ধে পৃথক নন-এফআইআর মামলা দায়ের করা হয়েছে।’
ভোরের আকাশ/ র.ই