টেকনাফে ২৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আধুনিক সার্ভেইলেন্স প্রযুক্তির সহায়তায় কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত এ অভিযানে আনুমানিক ২৫ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) রাত আড়াইটার দিকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে জানা যায়, চোরাকারবারীদের একটি দল মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি টহল দল ভোর ৩টার দিকে সীমান্তবর্তী গোলপাতা এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৩টি পোটলা উদ্ধার করা হয়। এসব পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো এবং নীল রঙের বায়ুরোধী প্যাকেটে সংরক্ষিত ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, “মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ভোরের আকাশ/ র.ই