পার্বতীপুরে যুবদল নেতার সংবাদ সম্মেলন

দিনাজপুরের পার্বতীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামে মিথ্যা ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশীদ সংগ্রাম।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে উপজেলা যুবদলের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহাবুর রশীদ সংগ্রাম বলেন, পার্বতীপুর উপজেলার সরকারপাড়া গ্রামের রুহুল আমীন নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তাঁর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করছেন।
এসব অপপ্রচারের মাধ্যমে তাঁকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি এ ধরনের মিথ্যা প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মানজুর রশীদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম (ডাক্তার), রামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা।
ভোরের আকাশ/ র.ই