গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

গাইবান্ধার ফুলছড়িতে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এরশাদ মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (১০ মে) বিকেল তিনটার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ মদনেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এরশাদ উপজেলার উদাখালীী উত্তর কাঠুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ফুলছড়ি উপজেলার দক্ষিণ মদনেরপাড়ায় কছিম খলিফার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় একটি ধানবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী এরশাদ গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন এগিয়ে এলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পরবর্তীতে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।'
ভোরের আকাশ/ র.ই