বাউফলে দুর্যোগ প্রশমনে পারিবারিক প্রস্তুতি ও সচেতনতার ওপর গুরুত্বারোপ

দুর্যোগের ঝুঁকি কমানো, প্রাণহানি রোধ ও নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয়ে পটুয়াখালীর বাউফলে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দুর্যোগ মোকাবিলায় পারিবারিক প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ইউএনও সালেহ আহমেদ বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার ও স্থানীয় পর্যায়ে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, প্রতিটি পরিবার আগাম সতর্কবার্তা সম্পর্কে সচেতন হলে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিলে উপকূলীয় অঞ্চলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। দুর্যোগের সময় নিরাপদ আশ্রয় গ্রহণ, সতর্কবার্তা মেনে চলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঝুঁকি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা যায়। এ জন্য পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মাকসুদুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদ হাসান, জামায়াতে ইসলামীর পৌর সাধারণ সম্পাদক নুরুল আলম, বাউফল ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, সাংবাদিক মো. জসিম উদ্দিন (অন্তু) ও স্থানীয় এনজিও প্রতিনিধি সাইফুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টদের মতে, সম্মিলিত উদ্যোগ ও সচেতনতাই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে একটি নিরাপদ ও দুর্যোগসহনশীল সমাজ গড়ে তুলতে পারে।
ভোরের আকাশ/সু.পা