নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যার মত নেক্কারজনক ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় এনে সাধারণ জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে র্যাব।
তারই ধারাবাহিকতায় র্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৭ মে তারিখ সকাল ৯.৩০ ঘটিকার সময় বরিশাল জেলার উজিরপুর থানাধীন ইসলাদী টোল প্লাজার সামনে থেকে অভিযান পরিচালনা করে বরিশাল জেলার কোতয়ালী মডেল থানার সাম্প্রতিক সময়ে সংঘটিত সানজিদা কবির আনিতা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. মাইনুল ইসলাম হিমুকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, ভিকটিম সানজিদা কবির আনিতা (২১) এর সাথে গ্রেফতারকৃত অভিযুক্ত মো. মাইনুল ইসলাম এর অনুমান ০২ বছর যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩০ ঘটিকায় ভিকটিম সানজিদা কবির আনিতা তার বাসা হতে বোনের বাসায় যাওয়ার জন্য বের হয়ে বাসায় ফেরত না আসলে ভিকটিমের পরিবার তার মোবাইলে ফোন দিয়ে বন্ধ পায়।
পরবর্তীতে আত্মীয় স্বজন নিয়ে অনেক খোঁজা খুঁজি করে জানতে পারে ভিকটিম অভিযুক্তের বাড়িতে মৃত অবস্থায় আছে। তখন ভিকটিমের পরিবার কোতয়ালী মডেল থানা পুলিশ'কে অবহিত করে ঘটনাস্থল কোতয়ালী মডেল থানাধীন বগুড়া রোডস্থ অক্সফোর্ড মিশন প্রাইমারী স্কুলের বিপরীতে নাহার মঞ্জিলের পাশের গলির রাফী মঞ্জিলের ৬ষ্ঠ তলায় অভিযুক্তের ভাড়া বাসা গিয়ে রুমে খাটের উপর ভিকটিমের নিথর দেহ জখমী অবস্থায় দেখতে পায়।
উল্লেখিত ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত ২৩ এপ্রিল হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে।
কিন্তু র্যাব-৮, বরিশাল এর একটি চৌকস আভিযানিক দল অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অভিযুক্ত মো. মাইনুল ইসলাম হিমু’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
ভোরের আকাশ/ র.ই