সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস দাবি
ভাঙ্গায় দুই মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ঘটনায় ফুঁসে উঠেছে পুরো উপজেলাবাসী।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার পর থেকে ঢাকা–বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এবং ঢাকা–খুলনা মহাসড়কের সুয়াদী ও আলগী বাসস্ট্যান্ড এলাকায় একযোগে সড়ক অবরোধ করা হয়।
অবরোধের কারণে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো আটকে পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রোকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৮টা থেকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ পর্যন্ত মহাসড়কের দুটি পয়েন্ট পুখুরিয়া বাসস্ট্যান্ডে ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন স্থানীয়রা।
এছাড়াও মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন স্থানীয়রা।
ওসি আরও জানান, ভাঙ্গার দুইটি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ফুসে উঠেছেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা মহাসড়ক থেকে সরবেন না, তাদের আন্দোলন চালিয়ে যাবেন।
বিক্ষোভ মিছিলে অংশ নেয়া স্থানীয়রা জানায়, আমাদের প্রিয় গ্রামকে বিচ্ছিন্ন করে আমাদের মা-মাটিকে আলাদা করার ষড়যন্ত্র চলছে। এ ঘটনা তারা কোনভাবেই মানবে না। তাদের দাবি পুনরায় তাদের গ্রাম ভাঙ্গা উপজেলার মধ্যে ফিরিয়ে দেয়া হোক। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করবেন তারা।
ভোরের আকাশ/মো.আ.