বিচারকের ছেলেকে হত্যা মামলার আসামি লিমন ৫ দিনের রিমান্ডে

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় প্রবেশ করে তার ছেলেকে হত্যা এবং স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি লিমন মিয়ার (৩৪) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. মামুনুর রশিদ এ রিমান্ড মঞ্জুর করেন।
এ সময় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক মামুনুর রশিদ। বিকেল ৪টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া মুখপাত্র) গাজিউর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। রিমান্ড মুঞ্জুর হওয়ার পর তাকে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। তিনি এখন থানায় আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর ঘটনাটির বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে।
এর আগে শনিবার সকালে বিচারকের পুত্র হত্যা ও স্ত্রীকে আহত করার ঘটনায় আটক অভিযুক্ত লিমনের বক্তব্য পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মিডিয়ার প্রচারের সুযোগ দেয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত।
আগামী ১৯ নভেম্বর মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মামুনুর রশীদ, আদালতে হাজির হওয়ার এ আদেশ দেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হন রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ। এসময় আহত হন হামলাকারী লিমন মিয়া ও তাওসিফের মা তাসমিন নাহার লুসী।
এ ঘটনায় শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর রাজপাড়া থানায় নিহতে বাবা আব্দুর রহমান বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন লিমনের বিরুদ্ধে।
অভিযুক্ত লিমন মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার মদনেরপাড়ার এইচ.এম. সোলায়মান শহীদের ছেলে।
ভোরের আকাশ/এসএইচ