কুমিল্লায় ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন ধরনের জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্য ও যানবাহনের সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি জানায়, সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মাইক্রোবাসের সঙ্গে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন ধরনের জর্দা জব্দ করা হয়। জব্দ করা পণ্য ও যানবাহনের মোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তসীমান্ত অপরাধ দমনে ১০ বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।
ভোরের আকাশ/জেআ