সালথায় আগুনে পুড়ল তিন দোকান, নিঃস্ব হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা

চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল বছরের পর বছর ধরে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠান। মুহূর্তের আগুনে ধ্বংসস্তূপে পরিণত হলো স্বপ্ন, পরিশ্রম আর জীবিকা নির্বাহের অবলম্বন। ফরিদপুরের সালথা উপজেলার বড়দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি সারের দোকান, একটি হার্ডওয়্যারের দোকান ও একটি রাইস মিল পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগে ও পরে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে মুহূর্তেই বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা। নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান ও মালামাল রক্ষায় ছুটে আসেন ব্যবসায়ী ও স্থানীয় লোকজন।
কিন্তু আগুনের ভয়াবহতার কাছে অনেক চেষ্টাই ব্যর্থ হয়। চোখের সামনেই পুড়তে থাকে দোকানের মালামাল। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠানের এমন পরিণতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে নেমে আসে হতাশা ও অনিশ্চয়তা।
খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তৎপরতায় আরও বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানের উল্লেখযোগ্য পরিমাণ মালামাল পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন গিয়াস উদ্দিন, রিয়ান হোসেন ও কবির মাতুব্বর। তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আকস্মিক এ ক্ষতি কাটিয়ে উঠে আবারও স্বাভাবিক ব্যবসায় ফিরতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সালথা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবদুল জলিল বলেন, বড়দিয়া বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
ভোরের আকাশ/ এনউব