গাইবান্ধায় যুবদল নেতাকে হামলা ও হত্যার হুমকির অভিযোগ

গাইবান্ধার সাঘাটায় ইউনিয়ন যুবদলের সদস্যসচিব সোহেল রানার ওপর হামলা ও মুঠোফোনে পিস্তল দেখিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সোহেল রানা।
এ সময় তিনি সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সুইট এবং তাঁর ভাই ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সুজ্জাউদৌলা সুজার বিরুদ্ধে অভিযোগ তোলেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে সাঘাটায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহেল রানা অভিযোগ করেন, রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তাঁদের নির্দেশে একদল ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালায় বলে দাবি করেন তিনি।
সোহেল রানা আরও অভিযোগ করেন, হামলার পরও হুমকি দেওয়া বন্ধ হয়নি। মুঠোফোনে কল করে পিস্তল দেখিয়ে তাঁকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা এ ঘটনার নিন্দা জানান। তাঁরা বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো ব্যক্তির ওপর হামলা কিংবা প্রাণনাশের হুমকি গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
এ সময় বক্তারা সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, তাঁর ভাই সুজ্জাউদৌলা সুজাসহ ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠা ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে সাঘাটা উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব