সিরাজগঞ্জে মাদক মামলায় নারীসহ দুজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় এক নারীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক মামলায় ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর মামলায় ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর গোলাম সরোয়ার শফিক।দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর পুঠিয়াবাড়ি মহল্লার আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা (৪৩) এবং দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসুদেবপুর মাস্টারপাড়া গ্রামের হবিবুর রহমানের স্ত্রী মালা খাতুন (৫৬)।
মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ শহরে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় গোয়েন্দা পুলিশের কাছে খবর আসে, হোসেনপুর তারকাটা মিল এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচা করছেন। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে সন্দেহভাজন এক যুবক দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে। তার শরীর তল্লাশি করে ২০টি বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ইশানুর রহমান বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় সোহেল রানাকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, ২০২২ সালের ২২ জুলাই সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়কে দায়িত্ব পালন করছিল র্যাব। এ সময় র্যাব সদস্যদের কাছে খবর আসে, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মনসুর আলী স্টেশন এলাকায় এক নারী হেরোইন কেনাবেচা করছেন। খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মালা খাতুনকে আটক করে র্যাব। পরে তার শরীর তল্লাশি করে ১২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এই মামলায় মালা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
ভোরের আকাশ/সু.পা