বন্দরের কেওঢালা স্ট্যান্ডে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার কেওঢালা স্ট্যান্ডে প্রতিনিয়ত ঘটে যাওয়া দুর্ঘটনা ও জনদুর্ভোগ নিরসনে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে শান্তিপূর্ণ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন আবুল কাউছার আশা।
তিনি বলেন, এমপি মহোদয়ের বরাবর আপনারা একটি আবেদন করুন। আমরা তার মাধ্যমে ডিও লেটার দিয়ে এবং সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলে কিভাবে দ্রুত সময়ে এখানে ফুটওভার ব্রিজ নির্মাণ করা যায়, সে ব্যবস্থা নেবো। পাশাপাশি সবাইকে ফুটওভার ব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে এবং সেটিকে হকারমুক্ত রাখতে হবে।
স্থানীয় এলাকাবাসী ও আল আমিন দেওয়ানের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন, আমান উল্লাহ (আমান), বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসনাত, হানিফ কন্ট্রাক্টর, মহিলা মেম্বার মাজেদা বেগম, ডা. শাহ জালাল, মহসিন প্রধান, হাবিবুর রহমান, রুহুল আমিন প্রধান, দলিল লিখক ইব্রাহিম, আমিনুল ইসলাম, মহসিন কানন, জাহিদ ভূঁইয়া, রিফাত আহমেদ, মিনহাজ ভূঁইয়া, শামিম মিয়া, হারুনুর রশিদ দেওয়ান, মাওলানা আল আমিন ও আমির হামজাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানা গেছে, আশপাশের কয়েকটি ইউনিয়নের হাজার হাজার কর্মজীবী মানুষ ও শিক্ষার্থী প্রতিদিন কেওঢালা স্ট্যান্ড ব্যবহার করে যাতায়াত করেন। কিন্তু সেখানে ফুটওভার ব্রিজ না থাকায় পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয়। ফলে প্রায়ই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে এবং জনদুর্ভোগ লাঘব হবে।
ভোরের আকাশ/ইউএম