কাউখালী পোস্ট অফিসের কার্যক্রম চলছে ভাড়া বাসায়!

পিরোজপুরের কাউখালীতে উপজেলা পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘ ৭ বছর ধরে ভাড়া বাসায় চলছে। নিজস্ব কোনো ভবন না থাকায় দাপ্তরিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে। বর্তমানে মাত্র দুটি ছোট কক্ষে এর কার্যকলাপ চলছে।
ফলে অফিসের গুরুত্বপূর্ণ আসবাবপত্র ও ফাইলপত্র যেখানে সেখানে পড়ে রয়েছে। অবহেলা ও অযত্নে গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
জানা যায়, ২০১৮ সালের ১ জুন কাউখালী উপজেলা পোস্ট অফিসের ভবনটি অকেজো হয়ে পড়ার কারণে অন্যত্র ভাড়া নিয়ে অফিসিয়াল কার্যক্রম চালিয়ে যাচ্ছে পোস্ট অফিস কর্তৃপক্ষ। উপজেলা পোস্ট অফিসে ১০টি পদের মধ্যে ৬ টি পদ শূন্য রয়েছে, ফলে অফিসিয়াল কার্যক্রমে বিঘ্ন ঘটছে। ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি উত্তম কুমার শিকদার কাউখালী উপজেলা পোস্টমাস্টার অন্যত্র বদলি হয় যাওয়ার পর অপারেটর পারভেজ হাওলাদার ভারপ্রাপ্ত পোস্টমাস্টারের দায়িত্ব পালন করছেন। বর্তমানে উপজেলা পোস্টমাস্টার, অপারেটর ১ জন, রানার ১ জন, প্যাকার ১ জন, পোস্টম্যান দুইজন সহ গুরুত্বপূর্ণ ছয়টি পদে দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
তা ছাড়া ১৮টি শাখা অফিসে রয়েছে। জনবল ও নিজস্ব ভবন না থাকার কারণে সেবা নিতে এসে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। সময়মতো চিঠিপত্রসহ গুরুত্বপূর্ণ ফাইল সেবা গৃহীতার কাছে পৌঁছাতে দেরি হচ্ছে।
এ ব্যাপারে কাউখালী উপজেলা ভারপ্রাপ্ত পোস্টমাস্টার পারভেজ হাওলাদার জানান, জনবল সংকট ও নিজস্ব ভবন না থাকার কারণে দাপ্তরিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে। বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জনবল সংকট সম্পর্কে অবগত করা হয়েছে।
পিরোজপুর জেলা পোস্টমাস্টার মো. আব্দুল হালিম জানান, এ বিষয়ে আমরা অবগত আছি। ভবনের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। নিয়োগ দেওয়া হলে জনবল সংকট সমাধান হয়ে যাবে।
ভোরের আকাশ/মো.আ.