অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত: কাচ্চি ভাইকে ৩০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে জেলা পৌর শহরের পাইকপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়।
সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টায় অভিযানে দেখা যায়, "কাচ্চি ভাই" নামক রেস্টুরেন্টে ড্রেসকোড বিহীন, হাতে গ্লাভস ছাড়া খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া স্টোর রুমে খাদ্য প্রস্তুতসহ স্বাস্থ্যসম্মত উপায়ে যথাযথভাবে খাদ্য তৈরী করা হচ্ছিল না।
এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় এবং ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়; পাশাপাশি অনতিবিলম্বে এ পরিস্থিতির উত্তরণ ঘটানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়াও প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় যে, পরবর্তীতে একই অবস্থার পুনরাবৃত্তি ঘটলে আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটানো হবে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযানে কনজ্যুমার অ্যাসোয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর ব্রাক্ষণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক এস এম শাহীন এবং সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সহযোগীতা করেন। অভিযানকালে ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পাইকপাড়ায় কিছুদিন আগে উদ্বোধন হওয়া "কাচ্চি ভাই" নামক রেস্টুরেন্টটি অল্প সময়ের ব্যবধানে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। সকাল থেকে রাত অব্দি মানুষের ভিড় লক্ষণীয় পর্যায়ে ছিল। প্রথমবারের মতো ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক জরিমানার মুখোমুখি হওয়ায় মানুষের আস্থার জায়গাটিতে কিছুটা হলেও চিড় ধরবে। ব্রাহ্মণবাড়িয়া শহরে পরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন করা রেষ্টুরেন্টের সংখ্যা খুবই কম বা নগন্য বলা হয়।
ভোরের আকাশ/জাআ