মহাসড়ক অবরোধ প্রত্যাহার
মুচলেকা দিয়ে মুক্তি পেলেন চাঁপাইনবাবগঞ্জের তিন শ্রমিক নেতা

সড়কে সার্ভিস চার্জ আদায়কে কেন্দ্র করে আটক হওয়া চাঁপাইনবাবগঞ্জের তিন শ্রমিক নেতা মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন।
রোববার ( ০৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারের সাথে আলোচনার পর সড়কে চাঁদা আদায় করা হবে না মর্মে মুচলেকা দিয়ে তারা ছাড়া পান।
প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, তারা এখন থেকে শুধুমাত্র বাস টার্মিনালে সার্ভিস চার্জ সংগ্রহ করতে পারবেন।
এর আগে, দুপুর আড়াইটার সময় হরিপুর এলাকা থেকে জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সহিদুল ইসলাম সহিদ, সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ জুলমত এবং সড়ক সম্পাদক তাজিমুল হক বাবুকে আটক করে পুলিশ ও ম্যাজিস্ট্রেট। এর প্রতিবাদে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. নাসিরউদ্দিন জানান, প্রশাসনের সাথে কোনো মীমাংসা না হওয়ায় তারা এই অবরোধের ডাক দিয়েছিলেন। অবশেষে নেতাদের মুক্তির পর সড়কে পুনরায় যান চলাচল সাভাবিক হয়।
গত ২৪ এপ্রিলও একই ইস্যুতে জেলায় কর্মবিরতি পালন করেছিলেন শ্রমিকরা।
ভোরের আকাশ/ র.ই