ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

পাবনার ঈশ্বরদীতে অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার অভিযোগে আলম সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান, একটি কার্তুজ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আলম সরদার রাজশাহী জেলার পুঠিয়া থানার সৈয়দপুর গ্রামের আফসার সরদারের ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আলম সরদারকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান, একটি কার্তুজ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম সরদার অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন। তাঁর বিরুদ্ধে এর আগেও অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, এ ঘটনায় শুক্রবার অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আলম সরদারকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/জেআ