মাদারীপুরে বিকল বাসে হানিফ পরিবহনের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ থেকে দুপুরে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে পালকী পরিবহনের একটি বাস। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর শিবচরের বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে চাকা বিকল হয়ে যায়। এসময় দ্রুতগতির হানিফ পরিবহনের একটি বাস এসে বাসটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন।
খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার বলেন, পাকলী পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়ে পার্কিং করে রাখা ছিল। এসময় দ্রুতগতির হানিফ পরিবহনের বাস বিকল বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইবনে মিজান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
ভোরের আকাশ/আ.র