আদালতে হাজিরা দিয়ে আইভী: ‘নির্দোষ হয়েও আমি অপরাধী’

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিনবারের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জের আদালতে হাজির হয়ে আইনগত প্রক্রিয়ায় অংশ নেন তিনি।
আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. আইভী নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “নির্দোষ হয়েও আমি আজ অপরাধীর আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছি। সারা জীবন নারায়ণগঞ্জে অন্যায়, হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজ আমাকেই অপরাধী করা হয়েছে। তবে আমি বিশ্বাস করি, আল্লাহর বিচার আছে, আর নারায়ণগঞ্জের মানুষও সত্যটা জানে।”
তিনি আরও বলেন, জনগণের স্বার্থে কাজ করতে গিয়ে সবসময় অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আদালতের প্রতি আস্থা রেখে তিনি আশা প্রকাশ করেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদঘাটিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
জানা গেছে, গত বছর তাকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় আদালতের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার হাজিরা দেন ডা. সেলিনা হায়াৎ আইভী।
মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।
ভোরের আকাশ/জেআ