গাইবান্ধা ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য আটক

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর বিশেষ অভিযানে অনলাইন ক্যাসিনোর ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি দুলালের ভিটা গ্রামের মোঃ আলম মিয়ার ছেলে মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩২) এবং মৃত শফিউল ইসলামের ছেলে মোঃ সাগির আলম (৩১)।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জুলাই ২০২৬ তারিখে ডিবির একটি টিম সদর থানাধীন খোলাহাটি দুলালের ভিটা গ্রামে অভিযান চালায়। এসময় নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়ার এজেন্ট একাউন্ট এবং জুয়া খেলার বিভিন্ন অ্যাপস পাওয়া যায়।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর ১৬/১৯/২৩/২৫/২৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৪৮, তারিখ: ২৮/০৭/২০২৬।
স্থানীয়দের ভাষ্য মতে, গ্রেফতারকৃতরা এলাকায় অনলাইন ক্যাসিনোর সম্রাট হিসেবে পরিচিত ।
বুধবার(২৯) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম এবং ডিবির অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মোত্তালিব সরকারসহ ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান, অনলাইন জুয়ার বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এউব