গাজীপুরে বাস উল্টে উত্তরা ইউনিভার্সিটির ২০ ছাত্র আহত

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে ২০ ছাত্র আহত হয়েছে।
বুধবার ( ১০ জুন) বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকার ভাওয়াল জাতীয় উদ্যানের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থী বহনকারী উত্তরা বিশ্ববিদ্যালয়ের একটি বাস মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তায় জমে থাকা পানির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে বাসটির একটি চাকা সড়কের সীমানার বাইরে চলে যায় এবং বাসটি মহাসড়কের ডিভাইডারের মধ্যে উল্টে পড়ে।
দুর্ঘটনার পর বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় চালকসহ ২০ ছাত্র আহত হয়।
স্থানীয় লোকজন, ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এ সময় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, বাসটির চালকসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে চালক এবং দুই শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে মাওনার আলহেরা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভোরের আকাশ/ র.ই