ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে বিক্ষোভ-মানববন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মো. খলিলুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি জালিয়াতি, প্রতারণা ও জমি দখলের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার চন্দ্রখানা (বালাটারী) গ্রামের বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন।
সকালে একটি বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে থানা রোড হয়ে উপজেলা গেটে গিয়ে পৌঁছায়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অভিযোগকারী মসলেম উদ্দিন বক্তব্য দেন। এ ছাড়া এলাকাবাসীর পক্ষে মাহবুব আলম, মোজাম্মেল হক, মাহফুজুর রহমানসহ আরও অনেকে বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খলিলুর রহমান দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিভিন্ন কাজ করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, জমির দলিল ও রেকর্ড সংশোধনের নামে প্রতারণা এবং অন্যের জমি নিজের নামে নেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত। এসব ঘটনায় এলাকার একাধিক ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও অভিযোগ করেন তাঁরা।
লিখিত অভিযোগে বলা হয়, স্থানীয় বাবুল মিয়াকে জমির খাজনা বকেয়া থাকার কথা বলে ভয় দেখিয়ে টাকা নেওয়া হয়। পরে তাঁর জমির অংশ নিয়ে জালিয়াতির ঘটনা ঘটে বলে অভিযোগকারীরা দাবি করেন। এ ছাড়া বাবুল মিয়া ও তাঁর পরিবারের জমি নিয়ে বিরোধের একপর্যায়ে তাঁদের পরিবারটি অসহায় হয়ে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, মাহবুব মিয়াসহ কয়েকজনের জমির কাগজপত্র ও রেকর্ড সংশোধনের কথা বলে অর্থ নেওয়া এবং জমি অন্যের নামে দলিল করে দেওয়ার অভিযোগ রয়েছে খলিলুর রহমানের বিরুদ্ধে। এসব বিষয়ে স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি করেন অভিযোগকারীরা।
এলাকাবাসী জানান, জমি-জমা সংক্রান্ত এসব অভিযোগের প্রতিকার এবং সাধারণ মানুষের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তাঁরা একত্রিত হয়ে কর্মসূচি পালন করেছেন। তাঁরা খলিলুর রহমানকে জমি-সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অবাঞ্ছিত ঘোষণা এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ভোরের আকাশ/সু.পা