শিরোনাম
তিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনারনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রীঅনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রীমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনারনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রীঅনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রীমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

রাজবাড়ীতে অর্ণব ফার্টিলাইজার বন্ধের দাবি, তদন্তে কৃষি কর্মকর্তারা

রাজবাড়ী সংবাদদাতা

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুরে অর্ণব ফার্টিলাইজার কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণ, মানহীন সার উৎপাদন ও সরকারি নির্দেশনা অমান্যের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয়রা। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে কারখানাটি পরিদর্শন করেছে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন সদস্যের তদন্ত কমিটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ডিগ্রিচর চাঁদপুর গ্রামে অবস্থিত কারখানাটি পরিদর্শন করেন কমিটির সদস্যরা। এ সময় তাঁরা অভিযোগের বিষয়ে স্থানীয়দের মতামত জানতে আশপাশের বিভিন্ন বাড়িতে যান।

তদন্ত কমিটিতে উপস্থিত ছিলেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ ও সংরক্ষণ) রোকনুজ্জামান, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসুল ও রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান।

এলাকাবাসীর পক্ষে মোস্তফা আমীর ফয়সাল নামে এক ব্যক্তি কারখানাটির বিরুদ্ধে লিখিত আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, ডিগ্রিচর এলাকায় অবস্থিত অর্ণব ফার্টিলাইজার ও এর সহযোগী প্রতিষ্ঠান আমিন এগ্রো ফার্ম লিমিটেড দীর্ঘদিন ধরে পরিবেশ, জনস্বাস্থ্য, প্রাণিসম্পদ ও কৃষির ক্ষতি করছে। পাশাপাশি উৎপাদিত সার রাতের আঁধারে পাচার ও বাজারজাত করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর ও পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশগত ছাড়পত্র, বর্জ্য অপসারণ এবং বিভিন্ন শর্ত পূরণের বিষয়ে একাধিকবার নোটিশ দেওয়া হলেও কারখানার মালিক মো. নূরুল আমীন সেসব নির্দেশনা অমান্য করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৩ নভেম্বর এসিআই (ACI) কোম্পানির পক্ষ থেকে রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে লিখিতভাবে জানানো হয়, উৎপাদিত ‘বাম্পার এসিআই ট্রাইকো কম্পোস্ট সার’-এর গুণগত মান ঠিক না থাকায় তারা রাজবাড়ীর কারখানাটির উৎপাদন বন্ধ ঘোষণা করেছে। তবে ওই নির্দেশনার পরও প্রশাসনের অগোচরে মানহীন ও ভেজাল সার উৎপাদন অব্যাহত রাখার অভিযোগ করেছেন স্থানীয়রা।

তাদের দাবি, উৎপাদিত সার দিনের বেলায় মুরগির খামারের গুদামে পশুখাদ্যের বস্তায় লুকিয়ে রাখা হয়। পরে রাতের আঁধারে সেগুলো পাচার ও বাজারজাত করা হয়। কারখানাটিতে উৎপাদিত সারের মান পরীক্ষার জন্য প্রয়োজনীয় নিজস্ব পরীক্ষাগারও নেই বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের ১৯ অক্টোবর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পরিবেশ দূষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সারের নমুনা সংগ্রহ করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) যশোর আঞ্চলিক গবেষণাগারে পাঠান। পরীক্ষার ফলাফলে সারে জৈব কার্বন ও পটাশিয়ামের উল্লেখযোগ্য ঘাটতি পাওয়া যায় বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া সারের বস্তায় আবশ্যকীয় ব্যাচ নম্বর ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঠিক ঠিকানা উল্লেখ না করে নিয়মবহির্ভূতভাবে সার বাজারজাত করার অভিযোগও আনা হয়েছে। ২০২৫ সালের ২৯ জুন প্রশাসনের পক্ষ থেকে তিন মাসের মধ্যে কারখানার সীমানাপ্রাচীর নির্মাণ ও শেড তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। পরে পরিবেশ অধিদপ্তরের ঢাকা কার্যালয় থেকেও বাউন্ডারি দেয়াল নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময় পার হলেও এসব নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগে বলা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ২০২৬ সালের মার্চে রমজান মাসে খামারে বার্ড ফ্লুতে আক্রান্ত কয়েক হাজার মৃত মুরগি, পচা ডিম ও অন্যান্য বর্জ্য কারখানার পশ্চিম পাশের একটি পুকুরে উন্মুক্তভাবে ফেলে রাখা হয়। এতে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং মাছি ও জীবাণুর সংক্রমণের আশঙ্কা তৈরি হয়। এর ফলে ডিগ্রিচর চাঁদপুর গ্রামের বাসিন্দারা শ্বাসকষ্ট ও পেটের পীড়াসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় পড়েন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

কারখানার পাশের জান্নাতুল বাকী গোরস্থানে লাশ দাফনের সময়ও দুর্গন্ধের কারণে মুসল্লিদের ভোগান্তি হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। গত মার্চে জানাজা, দাফন, রমজানের ইফতার ও নামাজের সময় খামার ও সার কারখানা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ ওঠে। এ বিষয়ে স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মজিদ শেখ প্রতিবাদ জানালে কারখানার মালিক নূরুল আমীন তাঁকে ও এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেন বলে আবেদনে দাবি করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে বিভিন্ন সময়ে নির্দেশনা দেওয়া হলেও কর্মকর্তাদের বদলির সুযোগ নিয়ে কারখানার মালিক আবারও অবৈধভাবে সার উৎপাদন ও বাজারজাত শুরু করেছেন। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অগোচরে রেখে কার্যক্রম চালানোর অভিযোগও করা হয়েছে।

আরও পড়ুন

রায়গঞ্জে ১৩,৫০০ কৃষককে বিনা মূল্যে বীজ-সার বিতরণ

আবেদনকারী মোস্তফা আমীর ফয়সাল বলেন, দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কারণে এলাকাবাসীর পক্ষ থেকে কারখানাটি বন্ধের আবেদন করেছেন তিনি। এ কারণে তাঁর বিরুদ্ধে সাজানো ও মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তদন্ত কমিটি সঠিকভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন মোস্তফা আমীর ফয়সাল।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অর্ণব ফার্টিলাইজার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আমীন। তিনি বলেন, ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে তাঁর কারখানায় প্রায় ২০০ জন কাজ করছেন। প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ থাকায় এসব কর্মীর পরিবার দুর্ভোগে পড়েছে। তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। সাধারণ কর্মজীবী মানুষের কর্মসংস্থানের স্বার্থে প্রশাসনের কাছে কারখানাটি আবার চালুর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নূরুল আমীন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: