উচ্চারণ একাডেমির রবীন্দ্র-নজরুল উৎসব অনুষ্ঠিত

বগুড়ায় শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সাহিত্য-সংস্কৃতির চর্চা প্রসারে উচ্চারণ একাডেমির উদ্যোগে রবীন্দ্র-নজরুল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে চিত্রাঙ্কন, রবীন্দ্র ও নজরুল সংগীত এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিভিন্ন বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় শহরের শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে সভাপতিত্ব করেন উচ্চারণ একাডেমির সভাপতি জেসমিন সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। উদ্বোধক ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রাণু। স্বাগত বক্তব্য দেন আতিকুর রহমান মিটু । বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব তোফাজ্জল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে কালাম আজাদ বলেন, বর্তমান প্রজন্মকে মানবিক, সৃজনশীল ও সংস্কৃতিমনা হিসেবে গড়ে তুলতে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উচ্চারণ একাডেমির পরিচালক পলাশ খন্দকার বলেন, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও উচ্চারণ একাডেমি সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে।
উৎসবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সৌজন্যে ছিল গাজী রিয়েল এস্টেট লিমিটেড।
ভোরের আকাশ/ইউএম