মাদ্রাসায় যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ আকরাম

ভোরে নামাজ পড়তে ঘুম থেকে উঠেছিল ১২ বছরের আকরাম হোসেন। কিছুক্ষণ পর মায়ের কাছ থেকে ২০ টাকা নিয়ে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। তবে সেই যে বাড়ি থেকে বের হয়েছে, এরপর ১০ দিনেও আর ফেরেনি আকরাম।
আকরাম হোসেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবসু এলাকার মো. জলিলের ছেলে। গত ২ সেপ্টেম্বর সকালে নিজ বাড়ি থেকে স্থানীয় চরবসু মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় সে।
আকরামের পরিবার জানায়, নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে তার সন্ধান করা হয়েছে। লক্ষ্মীপুরের পাশাপাশি পার্শ্ববর্তী নোয়াখালী জেলার বিভিন্ন এলাকাতেও খোঁজ নেওয়া হয়েছে। তবে শনিবার পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় উদ্বিগ্ন পরিবার শুক্রবার (১১ সেপ্টেম্বর) কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
আকরামের মা মাহফুজা বেগম বলেন, আকরাম স্থানীয় চরবসু মাদ্রাসার হিফজ বিভাগে পড়াশোনা করে। ঘটনার দিন ভোরে নামাজ পড়তে ঘুম থেকে ওঠে সে। পরে মায়ের কাছ থেকে ২০ টাকা নিয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি।
তিনি বলেন, ‘নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় ছেলেকে খুঁজেছি। আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ নিয়েছি। কিন্তু কোথাও পাইনি।’
আকরামের বাবা মো. জলিল বলেন, ‘১০ দিন ধরে ছেলেকে খুঁজে পাচ্ছি না। আমার স্ত্রী ছেলের শোকে সারাক্ষণ কান্না করছেন। কেউ আকরামকে কোথাও দেখে থাকলে ০১৬২৩-০৭৮৪২৭ নম্বরে অথবা কমলনগর থানায় যোগাযোগ করার অনুরোধ করছি।’
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম বলেন, আকরামের নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। তাকে খুঁজে পেতে পুলিশ চেষ্টা করছে। কেউ তার সন্ধান পেলে কমলনগর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
ভোরের আকাশ/জেআ