পিরোজপুরে যৌথ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪

পিরোজপুর সদর উপজেলার পূর্ব শিকারপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় মাদক কারবারে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব শিকারপুর এলাকার ‘খান মঞ্জিল’ নামক একটি দুইতলা ভবনে এ অভিযান পরিচালিত হয়। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে যৌথভাবে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে ভবনটির বিভিন্ন গোপন কুঠুরি তল্লাশি করে ৪৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
এছাড়া একই ভবন থেকে আমদানিকৃত কুড়াল, পকেট নাইফ ও স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি ৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পিরোজপুর সদর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ইশরাক রহমান।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সেনাবাহিনী, পুলিশ, ডিএনসি ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. টিপু কাজী (৩৭), পিতা : মো. জালাল কাজী; মো. নূর ইসলাম (২৮), পিতা : শাহ আলম; ইমরান (৩৬), পিতা : রওন মিয়া এবং মো. শাজিব খান, পিতা : কে এম সিদ্দিকুর রহমান। অভিযান শেষে উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পিরোজপুর সদর থানার পুলিশ গ্রেপ্তারকৃতদের হেফাজতে নেয়।
ভোরের আকাশ/এসএইচ