মুকসুদপুরে জাহান বেগম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জের মুকসুদপুরে জাহান বেগম (৬০) হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পশারগাতী ইউনিয়নের পাচুঁড়িয়া ঈদগাহ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত জাহান বেগমের পরিবারের সদস্যদের পাশাপাশি পাচুঁড়িয়া গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বামী মারা যাওয়ার পর জাহান বেগম তাঁর তিন মেয়ের বিয়ে দেন। এরপর থেকে তিনি বাড়িতে একাই বসবাস করতেন। অভিযোগ রয়েছে, এলাকার কয়েকজন মাদকাসক্ত ব্যক্তি প্রায়ই তাঁর বাড়িতে ঢুকে মাদক সেবন করতেন। জাহান বেগম তাদের বাড়িতে মাদক সেবনে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
বক্তারা আরও বলেন, মাদকের টাকা জোগাড় করতে গত ১১ জুলাই রাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে জাহান বেগমের ঘরে প্রবেশ করে। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ আগস্ট) বিকেলে তাঁর মৃত্যু হয়।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী জাহান বেগম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন।
ভোরের আকাশ/জেআ