সিলেটে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

সিলেট নগরের আখালিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
বিজিবির ধারণা, বৈদ্যুতিক ট্রান্সফারমার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
বিজিবি সিলেট ব্যাটালিয়নের গণমাধ্যম শাখা জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিলেট ৪৮ ব্যাটালিয়ন-এর প্রধান ফটকের বিপরীতে থাকা দোকানগুলোতে হঠাৎ করে আগুন দেখা যায়। মুহুর্তে তা ছড়িয়ে পড়ে।
পরে বিজিবি সদস্যরা ফায়ার ফাইটিং সরঞ্জাম নিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলও ঘটনাস্থলে পৌঁছায়। সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গণমাধ্যম শাখা আরও জানায়, অগ্নিকাণ্ডে ৮-১০টি দোকান পুড়েছে। এর মধ্যে মুদি, ইলেক্ট্রনিক্স, সেলুন, ফার্নিচারের দোকান এবং সাইকেল ও মোটরসাইকেলের ওয়ার্কশপ রয়েছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ