সিলেট সীমান্তে চোরাচালানের মালামাল আটক

সিলেট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটক মালামালের আনুমানিক সিজার মূল্য ৫০ লাখ ১৭ হাজার টাকা।
রোববার (২৯ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন দমদমিয়া, বিছনাকান্দি, প্রতাপপুর ও উৎমা বিওপি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসব অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা গরু, জিরা, টমেটো ও কম্বল এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন আটক করতে সক্ষম হয় বিজিবি।
অভিযানে আটককৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৫০ লাখ ১৭ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/সু.পা