পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ডে 'হার্ট পয়েন্ট' উদ্বোধন

পিরোজপুর পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড চৌরাস্তা সংলগ্ন দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত পরিবেশকে নতুন রূপ দিয়েছে জেলা প্রশাসনের উদ্যোগ ও স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুর।
একসময় এ স্থানটি ভ্রাম্যমাণ দোকানপাট ও অটোরিকশার কারণে সৌন্দর্যহীন ও বিশৃঙ্খল ছিল। বিষয়টি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের নজরে আসলে তিনি পজেটিভ পিরোজপুর টিমের সঙ্গে আলোচনা করেন। পরিকল্পনা করা হয়, যেহেতু এখান দিয়ে খুলনা, বরিশাল, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালীসহ বিভিন্ন জেলার মানুষ যাতায়াত করে—তাদের সামনে একটি পরিকল্পিত ও সুন্দর শহরের চিত্র তুলে ধরতে হবে।
এরই ধারাবাহিকতায় পজেটিভ পিরোজপুরের স্বেচ্ছাসেবকরা নিজেদের উদ্যোগে ও বিনা পারিশ্রমিকে হার্ট আকৃতির দুটি রাউন্ডশেপ স্থাপন করে, যার মাঝখানে সবুজ গাছ রোপণ করা হয়। এর নামকরণ করা হয় “হার্ট পয়েন্ট”।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে দুটি নাগাচুয়া গাছ রোপণের মধ্য দিয়ে “হার্ট পয়েন্ট”-এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
এসময় পজেটিভ পিরোজপুরের সকল স্বেচ্ছাসেবক ছাড়াও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমতসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, গত ২৫ বছরে অবহেলিত এ পৌরসভায় দৃশ্যমান কোনো সৌন্দর্য বর্ধনের কাজ হয়নি। জেলা প্রশাসকের এ উদ্যোগকে তারা অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে তার দীর্ঘায়ু কামনা করেছেন।
ভোরের আকাশ/জাআ