দেওয়ানগঞ্জে মাদক কারবারিকে ৬ মাসের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের রেলক্রসিং এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করেছেন ইউএনও। আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ওই মাদক বিক্রেতাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার ( ২ জুলাই ) সন্ধ্যা রাতে পৌর শহরের রেলক্রসিং এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন তারা মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইয়াবা বিক্রির সময় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করেন দেওয়ানগঞ্জ ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত তারা মিয়া উপজেলার বেলতলী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছে ইয়াবা বিক্রি করে আসছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ইউএম