সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নে ৩ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন এবং ঢেমশা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় প্রায় ৩ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় ঢেমশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহেরের সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়নের প্রত্যন্ত এলাকার গরিব, অসহায় ও শীতার্ত পরিবারের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা ভূমি সহকারী কমিশনার সামছুজ্জামান। এছাড়াও ঢেমশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা নিজ নিজ এলাকায় তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে কম্বল বিতরণে সহযোগিতা করেন।
কম্বল পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মাঝে স্বস্তি ও আনন্দ লক্ষ্য করা যায়। তারা বলেন, তীব্র শীতের মধ্যে এই কম্বল তাদের জন্য অনেক বড় সহায়তা। এমন মানবিক উদ্যোগ গ্রহণ করায় তারা উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় বক্তারা বলেন, শীত মৌসুমে কোনো অসহায় মানুষ যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন এবং ঢেমশা ইউনিয়নের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়।
ভোরের আকাশ/এসএইচ