নরসিংদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

মেয়ের বিয়ের জন্য ধার করা আনা দশ হাজার টাকা নেশা খেয়ে খরচ করার কথা জিজ্ঞাসা করার অপরাধে নেশাখোর স্বামী সুজন মিয়া (৫০) তার স্ত্রী আফিয়া আক্তার (৪৫)কে ছুরিকাঘাতে হত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে ২৭ এপ্রিল সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামের পালবাড়িতে।
নিহতের ছেলে মনির হোসেন ও এলাকাবাসী জানায়, আফিয়া আক্তার তার মেয়ের বিয়ের জন্য বড় মেয়ের স্বামীর কাছ থেকে বিশ হাজার টাকা ধার করে আনে। এ টাকা থেকে সকলের অগোচরে সুজন মিয়া দশ হাজার টাকা নিয়ে নেশা খেয়ে খরচ করে ফেলে।
বিষয়টি স্ত্রী আফিয়া আক্তার জানতে পেরে তার স্বামী সুজনকে টাকার ব্যাপারে জিজ্ঞাসা করলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। রাত আনুমানিক সাড়ে ১১টার সময় আফিয়া আক্তারকে ঘর থেকে ডেকে বাহিরে নিয়ে এসে তার হাতে থাকা ছোড়া দিয়ে এলোপাতারিভাবে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
এ সময় আফিয়া আক্তারের ডাকচিৎকারে তার ছেলে মনির হোসেন আশপাশের লোকজনের সহযোগিতায় তার মাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, ঘাতক স্বামী সুজনকে গ্রেফতারের জন্য রায়পুরা থানা ও ডিবি পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোরের আকাশ/ র.ই