চট্টগ্রামে কিশোর হৃদয় হত্যা মামলায় ওয়াকিল বগাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর মোহাম্মদ হৃদয় (১৬) হত্যার ঘটনায় করা মামলায় ওয়াকিল হোসেন বগাকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। পুলিশের তালিকাভুক্ত অপরাধী এবং স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত এই নেতাকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শুনানি শেষে মামলাটিতে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত।
চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন।
নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, পাহাড়তলীতে কিশোর হৃদয় হত্যার মামলায় ওয়াকিল হোসেন বগাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে পাহাড়তলী ওয়্যারলেস কলোনির একটি বাসা থেকে ডেকে নিয়ে হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে জানা যায়, স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার কয়েক দিন আগে দলের কয়েকজনের সঙ্গে হৃদয়ের ঝগড়া হয়েছিল। এর জের ধরে তাকে রাতে বাসা থেকে ডেকে নিয়ে রাস্তায় প্রথমে কান কেটে দেওয়া হয়, পরে ছুরিকাঘাত করা হয় বলে স্থানীয়দের ভাষ্য।
এলাকায় ‘৫জি’ ও ‘৭জি’ নামে দুটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে বলে জানা গেছে। পেশায় ভ্যানগাড়িতে সবজি বিক্রেতা হৃদয় ‘৫জি’ গ্রুপের সদস্য ছিল। অভিযোগ রয়েছে, ‘৭জি’ গ্রুপের সদস্যরা তাকে হত্যা করে।
পুলিশের তথ্য অনুযায়ী, কিশোর গ্যাংগুলোর কার্যক্রমের সঙ্গে ওয়াকিল হোসেন বগার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তিনি নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং পরে সংগঠন থেকে বহিষ্কৃত হন। তবে মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
ভোরের আকাশ/সু.পা