চিতলমারীতে এক বৃদ্ধাকে হত্যা, আটক ২

পুতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় নানিকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলায়। নিহতের নাম আলেয়া বেগম আনুর (৭৫)।
বুধবার (২৩ জুলাই) বেলা ১১টা ১৫ মিনিটে দিকে ঘটনাটি ঘটে বলে পুলিশ জানায়।
নিহতের ছেলে ফেরদৌস হাওলাদার সহ নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কালিগঞ্জ বাজারের নিকটস্থ উমাজুড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত. সুলতান হাওলাদারের স্ত্রী আলেয়া বেগম আনু (৭৫) কে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার পুতনিকে একই গ্রামের হাসমত বাবনার দুই ছেলে কাওসার এবং আনসার উত্যক্ত করে আসছিল।
এক পর্যায়ে আলেয়া বেগম ওই উত্যক্তের প্রতিবাদ করে। ফলে কাওসার ও আনসার বুধবার দুপুর ১১টা ৩০মিনিটে দিকে ইট দিয়ে বৃদ্ধা আলেয়ার মাথায় আঘাত করে। প্রতিবেশিরা তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিতলমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাহাদাৎ হোসেন জানান, বৃদ্ধ আলেয়াকে হত্যার অভিযোগে উমাজুড়ি গ্রামের হাসমত বাবনার দুই ছেলে আনসার বাবনা (২৭), কাওসার বাবনা (৩০) কে আটক করা হয়েছে। নিহতের ছেলে ফেরদৌস বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।
ভোরের আকাশ/জাআ