সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

রাঙ্গামাটির সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের সড়ক অবরোধ এবং পর্যটক ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১৪ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে অংশগ্রহণকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
মানববন্ধনে সিএনজি, মাহিন্দ্র, জিপ ও পিকআপচালক-শ্রমিকদের পাশাপাশি হোটেল, রিসোর্ট ও কটেজের মালিক-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউপিডিএফ (মূল) ও জেএসএস (সন্তু) গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনায় সাজেকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে পর্যটন খাত ও স্থানীয় মানুষের জীবিকায়। দীর্ঘদিন ধরে পর্যটনকেন্দ্রিক ব্যবসা ও পরিবহন খাতের সঙ্গে যুক্ত মানুষ আর্থিক সংকটে পড়ছেন বলেও দাবি করেন তাঁরা।
বক্তারা বলেন, সাজেকের পর্যটন খাতের সঙ্গে অসংখ্য মানুষের কর্মসংস্থান ও জীবিকা জড়িত। তাই নিরাপত্তা নিশ্চিত করে পর্যটকদের জন্য সাজেক ভ্রমণ স্বাভাবিক করা জরুরি। একই সঙ্গে আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে সংঘাতের অবসান ঘটিয়ে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তাঁরা।
এ সময় সাজেকে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, পর্যটকদের ভ্রমণে প্রশাসনিক নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। এসব দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেন তাঁরা।
পরে পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে সাজেকের পর্যটন খাত সচল করা এবং স্থানীয় মানুষের জীবিকা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
ভোরের আকাশ/সু.পা