জামালপুরে জীবন্ত পাখির মাংস খাওয়ার অপরাধে এক ব্যক্তি গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পাঁচ শত টাকা বাজিতে একটি জীবন্ত শালিক পাখি ছিড়ে কাঁচা মাংস খাওয়ার অপরাধে সাদুল্লাহ (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ( ১৪ অক্টোবর ) দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সাদুল্লাহ উপজেলার কোয়ালী কান্দী মধ্য পাড়া এলাকার হাফিজলের ছেলে। তিনি পেশায় একজন অটো চালক। বিষয়টি নিশ্চিত করেছে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
জানা গেছে, মঙ্গলবার ( ১৩ অক্টোবর ) বিকাল ৪ টার দিকে সাদুল্লাহ মাদারগঞ্জ উপজেলার কোয়ালী কান্দী বাজারে একটি জীবন্ত শালিক পাখি কাঁচা ছিড়ে খাবে বলে স্থানীয় কয়েক জনের সাথে পাঁচ শত টাকা বাজি ধরে।
একপর্যায়ে সে একটি জীবন্ত শালিক পাখি ছিড়ে কাঁচা মাংস খেয়েও ফেলে। পরে আজ বুধবার সকালে তার এই জীবন্ত পাখি খাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে তার নিজ বাড়ি থেকে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ তাকে জীবন্ত শালিক পাখির কাঁচা মাংস খাওয়ার অপরাধে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্নেহাশীষ রায় বলেন, আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে সাদুল্লাহকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্বে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভোরের আকাশ/ এনউব