বগুড়ায় রেলওয়ে কলোনিতে মাদকবিরোধী অভিযান, আটক ৯

বগুড়া শহরের রেলওয়ে কলোনি এলাকায় জেলা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ মাদকবিরোধী অভিযানে গাঁজা, কেরু এবং নগদ টাকাসহ ৯ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া প্রেসক্লাবের দক্ষিণ পাশে অবস্থিত রেলওয়ে কলোনিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসেবী ও ব্যবসায়ী সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৩ কেজি গাঁজা এবং ১৭ বোতল কেরু জব্দ করা হয়। এ ছাড়া মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করা হয়।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, মাদক নির্মূলে চলমান এই যৌথ অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভোরের আকাশ/জাআ