রূপগঞ্জে মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে
কুপিয়ে জখম, হাত-পা ভাঙার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় আবুল কালাম (৩৫) নামে এক পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। হামলায় তাঁর ডান হাত ও বাম পা ভেঙে দেওয়া এবং ডান পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একজন কনস্টেবল। ছুটিতে গ্রামের বাড়িতে এসে তিনি হামলার শিকার হন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। গত মাসে মাসাবো এলাকার মাদক কারবারি শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা করেন তিনি। এরপর থেকে শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাঁকে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।
অভিযোগ রয়েছে, ঘটনার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে বাড়ি থেকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শাহজালালসহ ১০ থেকে ১৫ জন যুবক তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) নেওয়া হয়।
আহত আবুল কালামের বাবা আব্দুল মালেক বলেন, পূর্বপরিকল্পিতভাবে তাঁর ছেলের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা আবুল কালামের ডান হাত ও বাম পা ভেঙে দেয়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর ডান পায়ের রগ কেটে দেওয়া হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, পুলিশ সদস্য আবুল কালাম ছুটিতে গ্রামের বাড়িতে এসে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/ এনউব